যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, পবিপ্রবিতে বিশেষ সেমিনার
- Update Time : ০৭:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ Time View

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উদ্যোগে রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় টিএসসি কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর মো. আবুল বাশারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং মেধার যথাযথ বিকাশ অপরিহার্য।বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও উন্নত গবেষণা টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি।
তিনি বলেন, পবিপ্রবির শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
উপাচার্য আরও বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশগত গবেষণায় যুক্তরাষ্ট্র বিশ্বে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের গবেষণাগার, আধুনিক প্রযুক্তি ও পর্যাপ্ত গবেষণা তহবিলের জন্য সুপরিচিত। তাই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগাতে শিক্ষার্থীদের বৈশ্বিক সুযোগগুলো সম্পর্কে জানার পাশাপাশি সঠিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নুরুল আমিন।
পরে যুক্তরাষ্ট্র দূতাবাসের এডুকেশন আউটরিচ কোঅর্ডিনেটর সোহেল ইকবাল মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন সুযোগ-সুবিধা, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। একই সঙ্গে প্রতারণামূলক এজেন্সির মাধ্যমে আবেদন না করে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন তিনি।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ২৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, পবিপ্রবির শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসে জার্মানি, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।






















