যশোরে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন জখম
- Update Time : ০৮:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৩২ Time View

যশোর জেলা প্রতিনিধি : যশোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন জখম হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার মৃত সলেমান গাজীর স্ত্রী রুবি বেগম, তার ছেলে মানিক গাজী, শাকিল গাজী ও মেয়ে রুনা খাতুন । তাদের মধ্যে গুরুতর আহত মানিক গাজী ও রুনা খাতুন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রুবি বেগম ও শাকিল গাজী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রুবি বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, খোলাডাঙ্গা এলাকায় তাদের পারিবারিক সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি নিয়ে এলাকার ইনাম গাজী, শহিদুল ইসলাম গাজী, রেখা খাতুন ও মাহমুদা খাতুনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলে সিদ্ধান্ত তাদের পক্ষে আসে। পরে মীমাংসার সিদ্ধান্ত অনুযায়ী, দুই মাসের জন্য জমি নিয়ে কোনো পক্ষ ঝগড়া-বিবাদে জড়াবে না বলে সিদ্ধান্ত হয়।
অভিযোগে আরও বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইনাম গাজী ও শহিদুল ইসলাম গাজী রুবি বেগমের ছেলে মানিক গাজীকে ধারালো দাঁ দিয়ে আঘাত করেন। এ সময় তার মা রুবি বেগম, ভাই শাকিল গাজী ও বোন রুনা খাতুন বাধা দিতে এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে জখম করেন। পরে পরিবারের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

























