বন্দরে গৃহকর্মী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিক গ্রেপ্তার
- Update Time : ১০:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ২৩ Time View

আবু তালেব,স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বন্দরে এক কিশোরী গৃহকর্মীকে (১৬) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাড়ির মালিক মো. সোরহাব হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী গত কয়েক মাস ধরে সোরহাব হোসেনের বাড়িতে গৃহকর্মীর কাজ করে আসছিল। অভিযোগ অনুযায়ী, গত বুধবার রাতে বাড়ির অন্যান্য সদস্যরা বাসায় না থাকার সুযোগে সোরহাব ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে ভুক্তভোগী কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে, তার বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই বন্দর থানা পুলিশের একটি দল অভিযানে নামে। প্রাথমিক তদন্ত ও তথ্যের ভিত্তিতে অভিযুক্ত সোরহাবকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান:
”অভিযোগ পাওয়ার পরপরই আমরা গুরুত্বের সাথে বিষয়টি আমলে নিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
বর্তমানে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



















