ফেসবুকে ভিডিও পোস্টের জেরে মণিরামপুরে জামায়াত নেতা জাকিরকে জুতাপেটা
- Update Time : ০৯:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ২৬ Time View

নিজেস্ব প্রতিনিধি:মণিরামপুরে সামিয়া আফরোজের পুরোনো ভিডিও আবারও ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সমালোচিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জামায়াত নেতা জাকির হোসেনকে প্রকাশ্যে জুতাপেটা করেছেন সামিয়া। বুধবার সকালে মণিরামপুরে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক রাফসানজানীর বিরুদ্ধে করা একটি মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন বলে জানা গেছে। তবে ওই মামলার রায় ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে জাকির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সামিয়া আফরোজের আগের একটি ভিডিও আবারও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন তিনি। একই ভিডিও ‘মণিরামপুর প্রেস’ নামের একটি ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে মণিরামপুরে আসেন সামিয়া। কেন তার পুরোনো ভিডিও আবারও ফেসবুকে পোস্ট করা হয়েছে, তা জানতে জাকির হোসেনের মুখোমুখি হন তিনি। এ সময় সন্তোষজনক উত্তর না পেয়ে একপর্যায়ে উত্তেজিত হয়ে প্রকাশ্যে জাকিরকে জুতাপেটা করেন সামিয়া। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।
উল্লেখ্য, চিকিৎসক রাফসানজানীর শ্যালিকা সামিয়া আফরোজকে কেন্দ্র করে এর আগে ধর্ষণ মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছিল। অভিযোগ অনুযায়ী, এ ঘটনার নেপথ্যে কথিত সাংবাদিক জাকির হোসেন, নুর ইসলাম নাহিদ, আসিফ আকবার সেতু, আব্দুল্লাহ আল মামুনসহ যশোর, মণিরামপুর ও অভয়নগরের ৩০ থেকে ৩৫ জন জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং মামলার নথি যাচাই করা প্রয়োজন।
মামলার তদন্ত শেষে চিকিৎসক রাফসানজানী অব্যাহতি পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরপর সামিয়ার পুরোনো ভিডিও পুনরায় প্রকাশের ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

























