পুলিশের অভিযানে ভাড়া বাসা থেকে ওয়ারেন্টভুক্ত নারী গ্রেপ্তার
- Update Time : ০৭:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ১১২ Time View

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন পটুয়াখালীর দুমকি থানার প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত নারী আসামি মোসা. রাকিবা ওরফে সাদিয়া (২৪)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শনিবার (৩০ মে) গভীর রাতে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করে দুমকি থানা পুলিশ।
পুলিশ জানায়, রাত প্রায় ২টার দিকে দুমকি থানার এসআই মো. সজিব হাওলাদারের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আটককৃত সাদিয়া দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আঠারোগাছিয়া গ্রামের আবু জাফরের স্ত্রী।
থানা সূত্রে জানা গেছে, সিআর-১৫/২৬ (দুমকি) মামলায় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৪০৬, ৪২০, ৩৮৪ ও ৫০৬(২) ধারায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
পুলিশের দাবি, সাদিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ভাড়া বাসা পরিবর্তন করে অবস্থান করছিলেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ ও মূল্যবান সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে, একাধিক ব্যক্তিকে কৌশলে ফাঁদে ফেলে সর্বস্বান্ত করার অভিযোগও রয়েছে।
এদিকে স্থানীয় মহলে তাকে পটুয়াখালী অঞ্চলে সক্রিয় কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য হিসেবে চিহ্নিত করা হলেও এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেন্টভুক্ত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।




















