ঠাকুরগাঁওয়ে থানার অনুমতি ছাড়া অভিযানে গিয়ে এএসআই ক্লোজড
- Update Time : ১০:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ৪৪ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় থানার অনুমতি ছাড়া অভিযানে গিয়ে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়েছেন কালাম নামে এক কথিত ডিবি সদস্য।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুহিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল রানাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে আখানগর ফার্ম মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বদিউজ্জামান।
স্থানীয়রা জানান, সাদা পোশাকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করে একটি কুমড়া সংরক্ষণাগারে যান, যেখানে কয়েকজন যুবক মোবাইলে লুডু খেলছিলেন। এ সময় তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কয়েকজনের মোবাইল ফোন জব্দ করেন এবং সেখানে ‘ক্যাসিনো খেলা’ হচ্ছে বলে অভিযোগ তোলেন। তবে মোবাইল ফোন তল্লাশি করে জুয়া বা ক্যাসিনো সংশ্লিষ্ট কোনো অ্যাপ বা তথ্য পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানান।
একপর্যায়ে ওই দুই ব্যক্তি একজন যুবকের হাতে হাতকড়া পরিয়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং মোবাইল ফোন পরে থানা থেকে নিয়ে যেতে বলেন।
এতে উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা তাদের পরিচয় জানতে ও আইডি কার্ড দেখতে চান।
এ সময় কালাম নিজেকে ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দিলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। অপরজন রুহিয়া থানার এএসআই রুবেল রানা তার আইডি কার্ড দেখালে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে কথিত ডিবি সদস্য কালামকে আটক করে মারধর করেন স্থানীয়রা।
এ বিষয়ে ওসি বদিউজ্জামান বলেন, থানার অনুমতি ছাড়াই এএসআই রুবেল রানা একজন সোর্সকে নিয়ে সেখানে যান। পরে স্থানীয়রা ওই সোর্সকে আটক করে মারধর করেছে। বিষয়টি তদন্ত করে এএসআই রুবেল রানাকে ক্লোজড করা হয়েছে। সোর্সকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।













