জীবননগরে ভৈরব সাহিত্য সংসদের বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- Update Time : ০৮:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ১৪২ Time View

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব সাহিত্য সংসদের উদ্যোগে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় পিয়ারাতলা শিশু একাডেমিতে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভৈরব সাহিত্য সংসদের সভাপতি জনাব ইছাহক আলী।
কর্মসূচির অংশ হিসেবে পিয়ারাতলা শিশু একাডেমি, শিশুকুঞ্জ মডেল একাডেমি ও সানফ্লাওয়ার প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে ভৈরব সাহিত্য সংসদের সভাপতি জনাব ইছাহক আলী তাঁর বক্তব্যে বলেন, “সুন্দর পৃথিবী গড়তে এবং মানবজাতি ও প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে বৃক্ষই একমাত্র ভরসা। আমাদের সবুজ-শ্যামল বাংলাদেশকে আরও সুন্দর করে গড়ে তুলতে জীবননগর ভৈরব সাহিত্য সংসদ প্রতি বছর এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ভৈরব সাহিত্য সংসদের সহ-সভাপতি মোঃ মাজেদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সহ-সম্পাদক কবি ও সাংবাদিক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কবি আরিফুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক কবি সোহেল রানা, কবি হাফিজুর রহমান, হাসাদাহ শিশুকুঞ্জ একাডেমির প্রধান শিক্ষক মোঃ মোতালেব হোসেন এবং সানফ্লাওয়ার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষকসহ আরও অনেকে।
উল্লেখ্য, এই বৃক্ষরোপণ কর্মসূচির সৌজন্যে (স্পন্সর) ছিলেন আলিপুর নার্সারির স্বত্বাধিকারী ও ভৈরব সাহিত্য সংসদের সদস্য কবি আওলাদ হোসেন।





















