কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় লাঠিসোঁটাসহ ছাত্রশিবিরের মোটরসাইকেল শোডাউন
- Update Time : ০৯:০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ০ Time View

শরীফুল ইসলাম,কুবি প্রতিনিধি:সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মধ্যরাতে মোটরসাইকেল শোডাউন করেছেন।
বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় লাঠিসোটাসহ মোটরসাইকেল নিয়ে তারা এ শোডাউন দেন। এ শোডাউনের নেতৃত্ব দেন শাখার সভাপতি মোজাম্মেল হোসেন আবির।
শোডাউনে অংশ নেওয়া নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের ‘লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ধর ধর লীগ ধর’, ‘আগুন সন্ত্রাস করিস না, পিঠের চামড়া থাকবে না’ এবং ‘ফাঁসি ফাঁসি ফাঁসি হবে, খুনি হাসিনার ফাঁসি হবে’—এমন স্লোগান দিতে শোনা যায়।

শোডাউন শেষে মোজাম্মেল হোসেন আবির বলেন, বাসে আগুন দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে কোটবাড়ী বিশ্বরোড থেকে বেলতলী হয়ে যেসব এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে, সেসব এলাকায় তাঁরা মোটরসাইকেল শোডাউন করেছেন। আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে আবার রাজনীতিতে ফেরার চেষ্টা করলে তা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদের প্রসঙ্গ তুলে মোজাম্মেল হোসেন আবির বলেন, আওয়ামী লীগের বর্তমান তৎপরতার পেছনে সরকারের ‘শৈথিল্য’ দায়ী। তিনি সরকারের প্রতি জুলাই সনদ মেনে নেওয়া এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আগামীকাল কুমিল্লার রাজপথে ছাত্রশিবিরের অবস্থান থাকবে জানিয়ে তিনি বলেন, ‘যাকে যেখানে পাওয়া যাবে, আমরা তাদের ধরে পুলিশে সোপর্দ করে দেব।’
এর আগে রাত নয়টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে টায়ারে আগুন দিয়ে নিক্ষেপের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুই থেকে তিনজন কিশোর আগুন দেওয়া টায়ারটি বাস লক্ষ্য করে নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় বাসে থাকা শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পান।
এদিকে রাত ১০টার দিকে আওয়ামী লীগের সহিংসতা এবং বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন নিক্ষেপের প্রতিবাদে সম্মিলিত বিক্ষোভ মিছিল করেন কুবি শাখা ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




















