কালিগঞ্জের ফতেপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
- Update Time : ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক পথচারী চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে মারা গেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের গাইনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহাদেব সরদার (৪৫) ফতেপুর গ্রামের লক্ষ্মীপদ সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মহাদেব সরদার ফতেপুর গ্রামের সন্তোষ গায়েনের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের রাজ্জাক ঢালীর ছেলে মো. বাবু (৪২) মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তাকে ধাক্কা দেন।
মোটরসাইকেলের ধাক্কায় মহাদেব সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় নেওয়ার পরামর্শ দেন।
পরে খুলনায় নেওয়ার পথে বিকেল ৬টার দিকে বটিয়াঘাটা উপজেলার কইয়া বাজার এলাকায় মহাদেব সরদারের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানার এসআই মো. সাব্বির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহ বর্তমানে কালিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বিষয়টি নজরদারিতে রেখেছে।

























