আগৈলঝাড়ায় ফের ‘শয়তানের নিঃশ্বাসের’ আতঙ্ক, নারীর স্বর্ণ-টাকা লুট
- Update Time : ০৯:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৩১ Time View

মো:আশরাফ, বরিশাল ক্রাইম রিপোর্টার:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার স্বর্নের বারের প্রলোভন দেখিয়ে পথ আটকে এক নারীকে কৌশলে কাবু করে স্বর্নের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ফুল্লেশ্রী এলাকায়। স্থানীয়দের সহায়তায় এ ঘটনায় সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হলেও তার এক সহযোগী বাবলু পালিয়ে গেছে। জানা গেছে,
বৃহস্পতিবার(১৭সেপ্টেম্বর) দুপুরে বাবার বাড়ি উজিরপুর থেকে শ্বশুরবাড়ি গোপালগঞ্জে যাওয়ার পথে আগৈলঝাড়া উপজেলার ফুল্লেশ্রী এলাকায় ওই নারীকে স্বর্নের বার দেওয়ার প্রলোভন দেখায় সোহেল ও তার সহযোগী বাবলু। কথাবার্তার একপর্যায়ে স্বর্নের বার দেখানোর কথা বলে সেটি ওই নারীর নাকের কাছে নেওয়া হয়। এরপর ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত কোনো রাসায়নিক পদার্থ প্রয়োগ করে তাকে অচেতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওই সময় সুযোগ বুঝে তার সঙ্গে থাকা স্বর্নের চেইন ও নগদ ৫০০ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে সোহেল ও বাবলু। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ধাওয়া করে সোহেলকে আটক করেন। তবে এ সময় বাবলু পালিয়ে যেতে সম হয়।
ঘটনার সংবাদ পেয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খানকে ফোনে বিষয়টি জানান। পরে ওসির নির্দেশে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও আটক সোহেলসহ সংশ্লিষ্টদের থানায় নিয়ে যায়। কিছু দিন পূর্বেও একই ঘটনা ঘটেছে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের বাসিন্দা কল্পনা বেগম (৫৬) গত শনিবার(১আগস্ট) সকাল থানায় অভিযোগ দেয়া হয়েছিল। তখন অভিযান চালিয়েও চক্রটিকে ধরা যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি বিচ্ছিন্ন কোনো প্রতারণা নয় এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। গৌরনদী, আগৈলঝাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় একই ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণা বা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা, পলাতক ব্যক্তিকে আটক এবং এ ধরনের ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না তা তদন্ত করে দেখা হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।






















