রাজাপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন
- Update Time : ১০:৪৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ১৫ Time View

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি জেলা প্রতিনিধি:ঝালকাঠি জেলার রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত,উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা পৃথক শোভাযাত্রা নিয়ে সভাস্থলে সমবেত হন। এতে উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, রাজাপুর উপজেলা যুবদলের কমিটি মাদকমুক্ত করা হবে। প্রয়োজনে কমিটির সদস্যদের ডোপ টেস্ট করানো হবে। নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘আমি কাউকে নিয়োগ বাণিজ্য করতে দেব না। যাদের চাকরি হবে, প্রয়োজনে তাদেরও ডোপ টেস্ট করানো হবে।’
তিনি মাদকমুক্ত নেতৃত্ব গঠন এবং নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান বক্তা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন বলেন, বিএনপির অনেক নেতাকর্মী দলীয় রাজনীতির পাশাপাশি দাঁড়িপাল্লার পক্ষেও ভোট চেয়েছেন। তার এ বক্তব্যকে কেন্দ্র করে সভায় রাজনৈতিক আলোচনা তৈরি হয়।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান সোহেল, ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, সদস্যসচিব আনিচুর রহমান খান ও যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেলসহ দলীয় নেতারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ,রাজাপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ মোস্তফা নিপু ও যুবদলের সদস্যসচিব সৈয়দ নাজমুল্ হকসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় যুবদলকে সুসংগঠিত করা, মাদকমুক্ত নেতৃত্ব গঠন এবং রাজনৈতিক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।




















