পীরগঞ্জের হাজীপুরে বাচ্চু মন্ডলের বাড়িতে দুর্বৃত্তদের হামলা
- Update Time : ০৪:১৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ৮২ Time View

পীরগঞ্জের হাজীপুরে বাচ্চু মন্ডলের বাড়িতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ, সুষ্ঠু বিচারের দাবি ভুক্তভোগী পরিবারের।
মো:রবিউল ইসলাম পীরগন্জ উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৭ নং হাজীপুর ইউনিয়নের সিংগারোল গ্রামের দহ-পাড়া এলাকার বাসিন্দা মোঃ বাচ্চু মন্ডলের বাড়িতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে।
পরিবারের দাবি, গত রাতে আনুমানিক রাত ২টা থেকে ৪টার মধ্যে একদল দুর্বৃত্ত তাদের বসতবাড়িতে হামলা চালায়। হামলায় বাড়িঘরের বিভিন্ন অংশ ভাঙচুর করা হয় এবং ঘরের ট্রাংক ভেঙে জমির মূল কাগজপত্র, নগদ অর্থ ও বাচ্চু মন্ডলের স্ত্রীর স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এতে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পরিবার আরও জানায়, ঘটনার সময় বাচ্চু মন্ডলের স্ত্রী কয়েকদিন ধরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরদিকে, তার ছোট ছেলে বাড়ির বাইরে থাকায় বাসায় কেউ উপস্থিত না থাকার সুযোগে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে তাদের দাবি।
এ ঘটনায় বাচ্চু মন্ডলের ছোট ছেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য এখনো জানা যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।




















