নারায়ণগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর তোষক জড়ানো মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা
- Update Time : ০৭:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ৭ Time View

আবু তালেব স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় সড়ক থেকে মোতালেব হোসেন (৪৫) নামের এক নিখোঁজ ব্যবসায়ীর তোষকে মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করার পর মরদেহ গুমের উদ্দেশ্যে রাস্তায় ফেলে যাওয়া হয়েছিল।
নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের জামতলা এলাকার সাজেদা মঞ্জিলে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তিনি মাসদাইর বাজারে ‘সুমাইয়া টেলিকম অ্যান্ড বুক’ নামের একটি ফ্লেক্সিলোড ও মোবাইল সেবাকেন্দ্রের মালিক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ জুলাই (বুধবার) সকাল ৮টার দিকে মোতালেব হোসেন বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরদিন বৃহস্পতিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের জামতলা এলাকায় একটি তোষকে মোড়ানো মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমডি কামাল ঘটনাস্থলে এসে মোতালেব হোসেনের মরদেহ শনাক্ত করেন। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মোতালেব হোসেনকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করেছে। এরপর পরিচয় গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যে তোষকে মুড়িয়ে সড়কের পাশে ফেলে রেখে যায়।
আইনি পদক্ষেপ: পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
















