রাজাপুরে মহাসড়কে ভেকু মেশিনের ধাক্কায় প্রাণ গেল ব্রাক কর্মীর
- Update Time : ০৬:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১১ Time View

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে ভেকু মেশিনের ধাক্কায় মো. সিহাব উদ্দীন নামে ব্র্যাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার খন্দকারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব উদ্দীন গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মো. মাকসুদুর রহমানের ছেলে। তিনি ব্র্যাকের ভান্ডারিয়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খাল খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন রাস্তার পাশ থেকে মহাসড়কে উঠছিল। এ সময় ঐ রাস্তা থেকে মোটরসাইকেলে চালিয়ে বাড়ি ফিরছিলেন সিহাব উদ্দীন। ভেকু মেশিনের সামনের হাতা ঘোরানোর সময় সেটি সজোরে তার মাথায় আঘাত করে। এতে তার মাথার হেলমেট ভেঙে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিংবা নিয়ম-কানুন না মেনেই ভেকু মেশিনটি মহাসড়কে ওঠানো হচ্ছিল। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা দাবি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর ভেকু মেশিনের চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে, তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















