জীবনগরে র্যাবের অভিযানে প্রায় ১৭ লক্ষ্য নগদ টাকা ও সিরাপ উদ্ধার
- Update Time : ১১:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ২৬ Time View

জীবননগরে র্যাবের অভিযানে ৬৫২ বোতল মাদক সিরাপসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ১৬ লাখ ৭৫ হাজার টাকা
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৬৫২ বোতল মাদক সিরাপ, নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ মো. ইমন আহম্মেদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-৩, মেহেরপুরের একটি আভিযানিক দল। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে র্যাব-১২-এর সিপিসি-৩, মেহেরপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হান্নান হাওলাদারের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইমন আহম্মেদকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫৪২ বোতল স্ক্যার্ফ সিরাপ ও ১১০ বোতল উইনক্যারেক্স সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের মোট সংখ্যা ৬৫২ বোতল। এ ছাড়া তাঁর কাছ থেকে নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন আহম্মেদ দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে। তিনি নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলেও জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেপ্তার ইমন আহম্মেদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় মামলা করা হয়েছে।
র্যাব-১২-এর সিপিসি-৩, মেহেরপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হান্নান হাওলাদার বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে র্যাব দৃঢ়ভাবে কাজ করছে।























