শ্যামনগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ
- Update Time : ০৭:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ২৩ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা এবং প্রশিক্ষিত যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শ্যামনগরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজের প্রতিনিধি ও যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, “দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। এই বিপুল জনগোষ্ঠীকে দক্ষ, যোগ্য ও আত্মনির্ভর করে গড়ে তুলতে পারলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে। বর্তমান বিশ্বে শুধু শিক্ষিত হওয়া যথেষ্ট নয়, সময়ের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করাও জরুরি।”তিনি আরও বলেন, “যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা ও আত্মকর্মসংস্থানের দিকে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণ, সরকারি সহায়তা ও যুব ঋণের সুযোগ কাজে লাগিয়ে তরুণরা নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারেন। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে দেশ গঠনের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার মণ্ডল এবং শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষিত যুবক-যুবতী, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হলো যুবসমাজ। তরুণদের মেধা, শ্রম, দক্ষতা ও সৃজনশীলতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে। যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। বক্তারা আরও বলেন, শুধু চাকরির প্রত্যাশায় বসে না থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যেতে হবে। সরকারি সহায়তা ও যুব ঋণের সঠিক ব্যবহার করে তরুণরা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পরিবার ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যোগ্য প্রশিক্ষিত যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবসমাজকে দক্ষতা, আত্মনির্ভরতা ও দেশ গঠনের চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রত্যয় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।










