গোপালগঞ্জে (গোবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা
- Update Time : ০২:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ২৩ Time View

লুৎফর সিকদার,গোপালগঞ্জ:খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাদকমুক্ত ও সুস্থ জীবন গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা আজ শুরু হয়েছে।
আজ রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয় সবসময় উৎসবমুখর থাকুক। আর খেলাধুলা হোক সেই উৎসবের অন্যতম মাধ্যম। তবে উৎসবের আনন্দ যেন কোনোভাবেই অসম্মান জনক না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। প্রত্যেক খেলোয়াড়কে খেলোয়াড় সূলভ আচরণ করতে হবে এবং নিয়ম মেনে খেলতে হবে। কেননা সামনে আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতার প্রস্তুতি এই আয়োজনের মধ্যে দিয়েই নিতে হবে।
তিনি আরও বলেন, প্রতিযোগিতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড প্রদানের ব্যবস্থা করা হইবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান। এ সময় পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহাজান, প্রক্টর ড. এস. এম. আহসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণিত বিভাগের সভাপতি ও ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক ও ক্রীড়া কমিটির সদস্যসচিব বাবুল মণ্ডল।
ইতিহাস ও অর্থনীতি বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৩২ টি বিভাগীয় দল অংশগ্রহণ করেছে।










