👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার
প্রিন্টের তারিখ: ০৯ নভেম্বর ২০২৬ | সময়: ১০:২৩ বিকাল | ৭২/৭-৮ মানিকনগর, মুগদা, ঢাকা-১২০৩
শ্যামনগরের খোলপেটুয়া নদীতে বনদস্যু নির্মূলের দাবিতে নৌ-মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ছবি: সংগৃহীত

মোঃ আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলে-বাওয়ালীরা। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মসূচিতে শত শত নৌকা নিয়ে অংশ নেন তারা।তাদের একটাই দাবি, দস্যুমুক্ত সুন্দরবন। বনদস্যুদের তৎপরতার কারণে বনে যেতে পারছেন না অনেক বনজীবী। যারা যেতে চান, তাদের বিভিন্ন বাহিনীকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।নৌকায় প্ল্যাকার্ড নিয়ে এবং স্লোগান দিয়ে বিক্ষোভে অংশ নেন জেলে-বাওয়ালীরা। তাদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।বক্তারা জানিয়েছেন, সুন্দরবনে বনদস্যুদের ১২ থেকে ১৪টি বাহিনী সক্রিয় আছে। এসব বাহিনীকে চাঁদা না দিলে বনজীবীদের বনে প্রবেশ করতে দেওয়া হয় না। যাদের চাঁদা দেওয়ার সামর্থ্য নেই, তাদের জীবিকার পথ বন্ধ হয়ে যাচ্ছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।বনদস্যু নির্মূলের দাবিতে গত ২৮ অক্টোবর উপকূলের গাবুরা থেকে এ আন্দোলন শুরু হয়। পরে তা সুন্দরবন ঘেঁষা উপকূলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এর আগে মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দেওয়াসহ নানা কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। তবে তাদের অভিযোগ, এখনো বনদস্যুদের তৎপরতা বন্ধ হয়নি।বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খায়রুল ইসলাম মিলন, গাবুরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান, ফরিদা পারভীন, আবদুর রহিম, খালিদ হোসেন, পারুল আক্তার এবং জেলে বাবলুর রহমান, সবুর আলীসহ অনেকে।

প্রিন্টের তারিখ: ০৯ নভেম্বর ২০২৬ | সময়: ০৭:৫৯ বিকাল | ৭২/৭-৮ মানিকনগর, মুগদা, ঢাকা-১২০৩
শাল্লায় বীজতলা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আটগাঁও ইউনিয়নের বড়গাঁও গ্রামে জমি ও বীজতলা (জালাক্ষেত) দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত দুজন আহত হয়েছেন।

সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বকুল মিয়ার গ্রুপের বীজতলায় মই দিয়ে সেটি দখলের চেষ্টা চালায় প্রতিপক্ষের লোকজন।

ভুক্তভোগী বকুল মিয়া অভিযোগ করে বলেন, "আমি ৩০ কেজি হাইব্রিড ধানের বীজ বপন করার পর সালামের লোকজন দলবল নিয়ে জোরপূর্বক আমার বীজতলা দখলের চেষ্টা চালায়।

ওরা সংখ্যায় বেশি এবং লাঠিসোটা নিয়ে আমাদের ওপর চড়াও হয়। অথচ আমরা সম্পূর্ণ শান্ত ছিলাম। এলাকার অনেকেই এর সাক্ষী।"

তিনি আরও জানান, ইয়ারাবাদের তাজুল ইসলাম, রহেদ মিয়া ও এনামুল মেম্বার এই ঘটনার প্রত্যক্ষদর্শী। এছাড়া পূর্বশত্রুতার জেরে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিভিন্ন জমি নিয়ে বিরোধ চলে আসছে বলেও অভিযোগ করেন তিনি।

বকুল মিয়ার বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, "গত ৫৭ বছর ধরে এই জায়গা আমাদের দখলে রয়েছে। হঠাৎ করে তারা কেন এই জমি দখল করতে চাচ্ছে, তা আমার বোধগম্য নয়।" সংঘর্ষের ঘটনায় বকুলের ছোট ভাই তাওহীদ আহত হয়ে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

অপরপক্ষের বশির দাবি করেন, এত বছর জায়গাটি আমাদের দখলে না থাকার কারণ আমরা ঢাকায় থাকায় সেই সুযোগে বকুলরা তা দখলে নেয়। মূলত জায়গাটি আমাদেরই।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সালামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমি চেয়েছিলাম কোনো ধরনের বিশৃঙ্খলা বা ঝামেলা যেন না হয়, তাই তা মীমাংসার চেষ্টা করেছি। বর্তমানে আমি রোগী ময়িম মিয়াকে (৪৫) নিয়ে খালিয়াজুরী হাসপাতালে আছি। এতদিন জায়গাটি বকুলরাই দখল করে রেখেছিল।"
গ্রামের এক বাসিন্দা রুবেল মিয়া জানান, এলাকার এই নিত্যদিনের ঝামেলার কারণে অতিষ্ঠ হয়ে অনেক সময় দেশ ছাড়ার ইচ্ছে জাগে।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্টের তারিখ: ০৯ নভেম্বর ২০২৬ | সময়: ০৭:৫৫ বিকাল | ৭২/৭-৮ মানিকনগর, মুগদা, ঢাকা-১২০৩
পীরগঞ্জে ধাপেরহাট মনি-কৃষ্ণ সেন ডিগ্রি মহাবিদ্যালয়ে নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলার ধাপেরহাটে অবস্থিত মনি-কৃষ্ণ সেন ডিগ্রি মহাবিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, শিক্ষক-অভিভাবকদের অংশগ্রহণ এবং অতিথিদের আন্তরিকতায় পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক আনন্দমুখর পরিবেশ। নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, শিক্ষাই একটি জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান হাতিয়ার। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, সততা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। নিজেদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কলেজজীবন প্রত্যেক শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সময়কে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষক-অভিভাবকদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়। এ সময় শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রিন্টের তারিখ: ০৯ নভেম্বর ২০২৬ | সময়: ০৭:২৩ বিকাল | ৭২/৭-৮ মানিকনগর, মুগদা, ঢাকা-১২০৩
ইবির সমাজকল্যাণ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদয় সংবর্ধনা
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২৩১ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি উপহার হিসেবে ফুল, চিঠি ও চকলেট দিয়ে তাদের বিদায় জানানো হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. বেগম রোকসানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মো. ফিরোজ আল মামুন, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নতুল করিম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সমাজকল্যাণ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

বিদায়ী শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমরা এখান থেকে চলে যাচ্ছি, তার মানে এই নয় যে বিভাগের সঙ্গে আমাদের পথচলা শেষ হয়ে যাচ্ছে। বিভাগের স্বার্থ ও কল্যাণে তোমরা কাজ করে যাবে। আমরা যেখানেই থাকি, যে অবস্থানেই থাকি না কেন, বিভাগের প্রয়োজনে আমাদের স্মরণ করবে। ইনশাআল্লাহ, সবসময় তোমাদের পাশে পাবেন।

তারা আরও বলেন, বিদায়ের এই মুহূর্তে বিভাগের কিছু বেদনাদায়ক স্মৃতিও মনে পড়ছে। আমরা আমাদের আসমা সাদিয়া ম্যামকে হারিয়েছি। তাঁর হত্যাকাণ্ডের পর আমরা আশঙ্কা করেছিলাম, বিভাগটি হয়তো আবার পিছিয়ে পড়বে। তবে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি ম্যামের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আমরা সেই সংকট কাটিয়ে উঠতে পেরেছি। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

এ সময় শিক্ষকেরা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

শিক্ষকেরা বলেন, শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ হলেও শেখার সময় শেষ হয়ে যায় না। সবাই সরকারি চাকরিতে প্রবেশ করবে, এমনটি নয়। তাই ইন্টার্নশিপের সুযোগ পেলে তা কাজে লাগাতে হবে। অনেক ক্ষেত্রে ইন্টার্নশিপের মাধ্যমেই চাকরির সুযোগ তৈরি হয়। জ্ঞান অর্জন ও দক্ষতা চর্চাকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। হতাশ না হয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, অনেকেরই পছন্দের পেশায় যাওয়ার সুযোগ হয় না। তবে সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ পেশার মধ্যে একটি যোগসূত্র রয়েছে। তাই কর্মজীবনে প্রবেশের পর পেশাদারত্ব নিশ্চিত করতে হবে। পেশাদারত্ব বলতে সংশ্লিষ্ট পেশার মূলনীতি, চাহিদা, দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করাকে বোঝায়। নিজ নিজ পেশার মূল লক্ষ্য ও উদ্দেশ্য আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করাই প্রকৃত পেশাদারত্ব।

তিনি আরও বলেন, সমাজকল্যাণ বিভাগের দায়িত্ব গ্রহণের পর কাজের পরিধি ও দায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে আল্লাহর সহযোগিতা ও সহকর্মীদের সমর্থনে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করছি। মূলত আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থেকেই নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করি।

প্রিন্টের তারিখ: ০৯ নভেম্বর ২০২৬ | সময়: ০৭:১৭ বিকাল | ৭২/৭-৮ মানিকনগর, মুগদা, ঢাকা-১২০৩
রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি
ছবি: সংগৃহীত

মিলন বৈদ্য শুভ,রাউজান(চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর সুলতানপুরে ঐতিহ্যবাহী দত্ত কুঠিরের কিংকর দাশের বাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ৩৩তম সার্বজনীন শ্রীশ্রী কালীপূজা। শ্রীশ্রী মহামায়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ৭ থেকে ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত চার দিনব্যাপী এ পূজার আয়োজন করা হয়েছে।

পূজা উপলক্ষে আয়োজিত ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় রয়েছে মায়ের বরণ, পঞ্চঘট স্থাপন, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, মাতৃপূজা, শুভ অধিবাস, মায়ের পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি নিবেদন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, ভক্তিগীতি, উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা, একক ও দলীয় নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ ও মহাপ্রসাদ বিতরণ।

এবারের আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ থিমভিত্তিক বিশেষ প্রদর্শনী ‘শূন্যের আর্তি’। থিমটির চিত্রকাহিনি ও ভাবনায় রয়েছেন প্রীতম কুমার দে। ৮ ও ৯ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত করা হয়। ব্যতিক্রমী এ থিম প্রদর্শনী দেখতে দূরদূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ, ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। প্রদর্শনীটি দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করে।

অনুষ্ঠানের অংশ হিসেবে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, ভক্তিগীতি, একক ও দলীয় নৃত্য, উলুধ্বনি এবং শঙ্খধ্বনি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অরুণ বিজয় দাশ, অরুণ পালিত,সয়ন দে, ও বাবু শীল, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মৌ দত্ত, তৃষ্ণা দত্ত ও আকাশ দাশ

পূজা পরিদর্শনে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু), চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম. শাহজান সাকিল, যুবদলের নেতা মোহাম্মদ শহিদুল্লা, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, বাগীশিক রাউজান উপজেলা সংসদের সহসভাপতি ডাঃ লিটন শর্মা, সাধারণ সম্পাদক পাভেল চৌধুরী, ডাঃ জনি দাশসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রীশ্রী মহামায়া পরিষদ ও কালীপূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুশান্ত দত্ত সোনা। আয়োজক কমিটির সভাপতি প্রিয়ম কুমার দে, সহসভাপতি সুমন দত্ত ও অমল দাশ, সাধারণ সম্পাদক ভোমর দাশ, সহসাধারণ সম্পাদক সৈকত দাশ অপু, অর্থ সম্পাদক রঞ্জু দত্ত, দপ্তর সম্পাদক জনি দাশ, সাংস্কৃতিক সম্পাদক মৌ দত্ত এবং সহ সাংস্কৃতিক সম্পাদক তৃষ্ণা মালাকার, চৈতি দাশ ও দীঘি দাশসহ কমিটির অন্যান্য সদস্য সার্বিক আয়োজনে দায়িত্ব পালন করেন।

পরিষদের উপদেষ্টা বাসুদেব সিংহ ও মিলন মজুমদার।

আয়োজকরা জানান, ধর্মীয় ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সনাতন ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। চার দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে স্থানীয় এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রিন্টের তারিখ: ০৯ নভেম্বর ২০২৬ | সময়: ০৭:১৩ বিকাল | ৭২/৭-৮ মানিকনগর, মুগদা, ঢাকা-১২০৩
আগৈলঝাড়ায় গভীর রাতে বসতঘর আগুনে পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

মো:আশরাফ বরিশাল,ক্রাইম রিপোর্টার:বরিশালের আগৈলঝাড়ায় গভীর রাতে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল দুর্গম ও যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে বসতঘরের সবকিছু পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাপাড়া গ্রামের মনিরুল হাওলাদার উজ্জ্বল কাজের সুবাদে ঢাকায় বসবাস করেন। বাড়িতে তাঁর স্ত্রী সেলিনা বেগম, স্কুলপড়ুয়া দুই মেয়ে ও বৃদ্ধা মা বসবাস করেন। প্রতিদিনের মতো রোববার রাতেও পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ তাঁদের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় সেলিনা বেগম দ্রুত দুই মেয়েকে ও তাঁর শাশুড়িকে নিয়ে ঘর থেকে বের হতে সক্ষম হন। প্রাণে রক্ষা পেলেও চোখের সামনেই আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় তাঁদের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল। পরিবারের সদস্যদের চিৎকার এবং স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় বাসিন্দারা যে যার মতো পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড়চোপড়সহ মূল্যবান সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থলে যোগাযোগব্যবস্থা দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে বসতঘরটির সবকিছু পুড়ে শেষ হয়ে যায় বলে স্থানীয়রা জানান।
সোমবার দুপুরে সরেজমিনে ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে সেলিনা বেগমের সঙ্গে কথা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আগুন আমার সবকিছু শেষ করে দিয়েছে। ঘরের কোনো জিনিসই রক্ষা করতে পারিনি। পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট নেই।’ আগুনের সূত্রপাত নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, কোনো ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।
তবে এ বিষয়ে তিনি কারও নাম উল্লেখ করেননি।
এদিকে আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মো. জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে বসতঘর ও সহায়-সম্বল হারিয়ে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। আকস্মিক এ অগ্নিকাণ্ডে পরিবারটির মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি ও বেসরকারি সহায়তার প্রত্যাশা করছে।