বাকৃবিতে অফিসার পরিষদের নির্বাচন ৭ সেপ্টেম্বর / বাকৃবি অফিসার পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ৭ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা
- Update Time : ০৬:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ৮ Time View

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার, অফিসার পরিষদ নির্বাচন-২০২৬ এবং বাকৃবির আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরো কৃষিবিদ মো. ছরোয়ার হোসেন স্বাক্ষরিত তফসিল অনুযায়ী নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষ, দফতর ও প্রচার সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক এবং মহিলা সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ছয়টি সদস্য পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৬ আগস্ট এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৩ আগস্ট। মনোনয়নপত্র সংগ্রহ ২৪ ও ২৫ আগস্ট এবং মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। ওই দিন বিকেল ৩টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থীদের প্রাথমিক বৈধ তালিকা ৩০ আগস্ট বিকেলে প্রকাশ করা হবে। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩১ আগস্ট বিকেল ৪টা এবং ১ সেপ্টেম্বর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
























