
জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:সাতক্ষীরার চিংড়ি মানেই সাদা সোনা। আর এই সাদা সোনার জন্মস্থান সাতক্ষীরা সদরের এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামার।১৯৮৩ সালে যে স্বপ্ন নিয়ে এই খামারের যাত্রা শুরু হয়েছিল, ৪৩ বছর পর এসে সেই স্বপ্ন এখন তালাবদ্ধ ঘরে বন্দি। প্রায়-৮ কোটি টাকার অত্যাধুনিক ল্যাব পড়ে আছে তালা মারা অবস্থায়। আর ঝুঁকিতে পড়েছে ৫৫ হাজার ঘেরে ছাড়া ৩০০ কোটিরও বেশি চিংড়ির রেণু।
১৯৮৩ সালে সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচরে চিংড়ি চাষ প্রদর্শনী খামার প্রতিষ্ঠা করা হয়। উদ্দেশ্য ছিল একটাই – চিংড়ি শিল্পকে আধুনিক করা, টেকসই করা।
সে সময় এফএও ও বে অব বেঙ্গল প্রোগ্রামের (বিওবিপি) সহায়তায়-১৯৮৩ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এখানে চলে লোনা পানির চিংড়ি চাষের পরীক্ষামূলক কার্যক্রম। চিংড়ি ও মাছ-কাম-ধান চাষের নতুন প্রযুক্তি উদ্ভাবন,পানির গুণাগুণ পরীক্ষা,উন্নত রেণু উৎপাদন ও চাষিদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়াই ছিল এই খামারের কাজ।
এই খামার থেকেই সাতক্ষীরা শিখেছিল কিভাবে সনাতন পদ্ধতি ছেড়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাগদা চাষ করতে হয়।
সত্তর-আশির দশকে শুরু হয় সাতক্ষীরায় লোনা পানির চিংড়ি চাষ। বাগদা,গলদা, হরিণা, চাকা-সব প্রজাতির চিংড়ি চাষ হতে থাকে এখানে।
আশির দশকের মাঝামাঝি থেকে বাণিজ্যিক চিংড়ি চাষ দ্রুত বাড়তে থাকে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে। চিংড়ি হয়ে ওঠে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য। বৈদেশিক মুদ্রা আয়ের মহাক্ষেত্র হয়ে ওঠে সাতক্ষীরা।
২০২৩-২৪ মৌসুমে সাতক্ষীরার ৬টি উপজেলায়-৫৯ হাজার লোনা পানির ঘেরে-২৭ হাজার টন বাগদা চিংড়ি উৎপাদন হয়। রপ্তানি আয় হয় ২ হাজার ২৫ কোটি টাকা,যা আগের বছরের চেয়ে ১৫০ কোটি টাকা বেশি। উৎপাদিত চিংড়ির ৯০ শতাংশই রপ্তানি হয়।
কিন্তু ৯০ দশকের শুরু থেকেই শুরু হয় নতুন সংকট – ভাইরাস। হোয়াইট স্পট, ইএমএসসহ নানা ভাইরাসে একের পর এক ঘেরে মড়ক দেখা দিতে থাকে। চাষিরা পুঁজি হারিয়ে নিঃস্ব হতে থাকেন।
কারণ একটাই-ঘেরে ছাড়ার আগে রেণু পরীক্ষা করার কোনো ব্যবস্থা ছিল না। চাষিরা বাজার থেকে খালি চোখে দেখে রেণু কিনে ঘেরে ছাড়তেন। ভাইরাসযুক্ত রেণু ছাড়ার ১৫-২০ দিন পরই পুরো ঘের সাদা হয়ে যেত।
এই সংকট কাটাতেই ২০২৪ সালের ২১ নভেম্বর এল্লারচর খামারে প্রায়-৮ কোটি টাকা ব্যয়ে দুটি অত্যাধুনিক রেণু পরীক্ষা ও পিসিআর (PCR) ল্যাব স্থাপন করা হয়।
উদ্দেশ্য ছিল-ঘেরে পোনা ছাড়ার আগেই বৈজ্ঞানিক পদ্ধতিতে রেণুর ভাইরাস, রোগজীবাণু ও গুণগত মান পরীক্ষা করা হবে। রোগমুক্ত পোনা পেলে চাষির ঝুঁকি কমবে, রপ্তানিযোগ্য চিংড়ির উৎপাদন বাড়বে।
এছাড়া খামারে আছে আধুনিক হ্যাচারি, কোয়ারেন্টাইন ল্যাব, পানি পরীক্ষার ব্যবস্থা, উন্নত রেণু উৎপাদন প্রযুক্তি ও গবেষণাগার।
২০২৫-২০২৬:তালাবদ্ধ ল্যাব, হতাশ চাষি,কিন্তু ল্যাব স্থাপনের পর ২ বছর পেরিয়ে গেলেও তা চালু করা সম্ভব হয়নি। প্রশাসনিক জটিলতা ও প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ না হওয়ায় আধুনিক যন্ত্রপাতি এখনো অব্যবহৃত অবস্থায় রয়েছে। ল্যাবের অনেক মূল্যবান বৈজ্ঞানিক সরঞ্জাম ও রাসায়নিক উপকরণ প্যাকেটবন্দি অবস্থায় পড়ে আছে।
দীর্ঘদিন এভাবে পড়ে থাকায় সংবেদনশীল যন্ত্রপাতি ও রাসায়নিকের কার্যকারিতা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সাতক্ষীরা জেলা চিংড়ি রেণু ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা বলেন,পিসিআর ল্যাবটা চালু হলে জানা যেত রেণুতে ভাইরাস আছে কিনা।
চাষি আরেফিন বিল্লাহ বলেন, কয়েক কোটি টাকা খরচ করে পিসিআর ল্যাব বানিয়েও জনবল সংকটে চালু করা যাচ্ছে না। আমরা পরীক্ষা ছাড়াই পোনা ছাড়তে বাধ্য হচ্ছি।
ঝুঁকিতে ৩০০ কোটি রেণু।বর্তমানে সাতক্ষীরায় প্রায়-৫৫ হাজার ঘেরে বাণিজ্যিকভাবে বাগদা চাষ হয়। প্রতি মৌসুমে এসব ঘেরে-৩০০ কোটিরও বেশি রেণু পোনা ছাড়া হয়।
কিন্তু ল্যাব বন্ধ থাকায় চাষিরা পরীক্ষা ছাড়াই পোনা কিনছেন। ফলে ভাইরাসের সংক্রমণে একের পর এক ঘেরে মড়ক দেখা দিচ্ছে। কোটি কোটি টাকার চিংড়ি নষ্ট হয়ে সর্বস্বান্ত হচ্ছেন চাষিরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সঙ্গে ভাইরাসের প্রকোপ যুক্ত হয়ে সাতক্ষীরার চিংড়িনির্ভর অর্থনীতিকে ঠেলে দিচ্ছে গভীর সংকটের মুখে।
চাষিদের দাবি।
১) অবিলম্বে এল্লারচরের-৮ কোটি টাকার দুটি ল্যাব চালু করতে হবে।
২) দক্ষ টেকনিশিয়ান ও জনবল নিয়োগ দিতে হবে।
৩) প্রতিটি ঘেরে পোনা ছাড়ার আগে স্বল্পমূল্যে পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
৪) ১৯৮৩ সালের প্রদর্শনী খামারকে আবার পূর্ণ শক্তিতে সচল করতে হবে।
চাষিদের কথা একটাই-১৯৮৩ সালে যে খামার আমাদের চিংড়ি চাষ শিখিয়েছিল,২০২৬ সালে এসে সেই খামারের ল্যাব তালাবদ্ধ থাকবে-এটা মেনে নেওয়া যায় না। ল্যাব খুললেই বাঁচবে ৩০০ কোটি রেণু, বাঁচবে সাতক্ষীরার চিংড়ি, বাঁচবে চাষি।