
রংপুর জেলা প্রতিনিধি:সেলিম চৌধুরী
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে আবারও সফলতা দেখিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানা। উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মহোদয়ের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩ জুন রাত ১০টা ৫ মিনিটে হাজীরহাট থানাধীন দেড়হালিয়া গ্রামের একটি পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার ৬শ টাকা।
অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা ও নিরলস প্রচেষ্টার ফলে মাদক ব্যবসায়ীকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়েছে। স্থানীয়দের মতে, মাদক নির্মূলে হাজীরহাট থানা পুলিশের ধারাবাহিক অভিযান এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।