
আজিজ,রংপুর জেলা প্রতিনিধি:রংপুর জেলার সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহজাহান মাস্টারের ওপর দফায় দফায় হামলা, মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একটি পক্ষ তাঁকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এ ঘটনায় ভুক্তভোগী অধ্যক্ষ ও তাঁর সহযোগীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালে মোস্তফা কামাল মুকুল মাস্টার ও হাসানসহ একটি পক্ষ উত্তেজিত জনতা জড়ো করে অধ্যক্ষ শাহজাহান মাস্টারকে জোরপূর্বক বিদ্যালয় থেকে সরিয়ে দেয় এবং প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেয়। পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের পর অধ্যক্ষ শাহজাহান মাস্টার নিজ দায়িত্বে পুনর্বহাল হন বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে অধ্যক্ষ শাহজাহান মাস্টার বিদ্যালয়ে নিজ দায়িত্বে যোগ দিতে গেলে মোস্তফা কামাল মুকুল মাস্টার, মনজুদার (কেরানি) ও তাঁর সহযোগী হাসানের নেতৃত্বে একদল ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তাঁর সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়ার মধ্যে মামলার ৭ নম্বর সাক্ষী এবং সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সিরাজুল মাস্টারকে আজ মারধর করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় হামলার শিকার শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগে বলা হয়, মোস্তফা কামাল মুকুল মাস্টার, মনজুদার (কেরানি) ও হাসানের নেতৃত্বে জহুরুল ইসলাম ও শিহাব ইসলাম (জয়) সহ কয়েকজন ব্যক্তি সিরাজুল মাস্টারের বাড়িতে হামলা চালান। এ ঘটনায় তাঁর ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।