
গোলাম রব্বানী, হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সমাজসেবা কার্যালয়ে দীর্ঘদিন ধরে অফিসার না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার মানুষ। বর্তমান পরিস্থিতিতে পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার সমাজসেবা অফিসার মো. আব্দুর রহিম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে, তিনি সপ্তাহে মাত্র এক থেকে দুই দিন হরিপুরে আসেন, বাকি দিনগুলো রানীশংকৈল উপজেলায় কাজ করেন। এর ফলে হরিপুরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে এবং সেবা গ্রহীতারা ভোগান্তিতে পড়ছেন।এভাবে কি অফিস চলতে পারে।আর চললেই বা কি সেবা পেতে পারেন হরিপুর উপজেলা বাসি।
হরিপুরে সমাজসেবা কার্যালয়ে মোট ১৩টি অনুমোদিত পদ রয়েছে, যার মধ্যে ৮টি পদ শূন্য। এই শূন্য পদগুলোর মধ্যে রয়েছে উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার, ফিল্ড সুপারভাইজার, অফিস সহকারী কাম কম্পিউটার এন্ড মুদ্রাক্ষরিক, ৩ জন কারিগরি প্রশিক্ষক এবং ১জন নৈশ প্রহরী। এই অবস্থায় অফিস কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে বলেছেন ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।
উপজেলার জনগণ প্রশ্ন তুলছেন, এভাবে অফিস চললে কীভাবে জনগণ সঠিক সেবা পাবেন? স্থানীয়দের দাবি, দ্রুত শূন্য পদগুলো পূরণ করে সেবা কার্যক্রম সচল করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি প্রয়োজন।