
রাকিব মাহী, জবি প্রতিনিধি:
পুরান ঢাকার মুরগিটোলা মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জবি ছাত্রদল নেতা রিয়াসাল রাকিব। তিনি বলেন, সাংবাদিকরা সত্য তুলে ধরতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি ও মাল্টিমিডিয়া ইউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রিয়াসাল রাকিব বলেন, “গত ৬ জুলাই রাতে মুরগিটোলা মোড়ে ঘটে যাওয়া ঘটনায় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। কিন্তু সত্য তুলে ধরতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় আমাদের অনেক ভাই আহত হয়েছেন।”
তিনি আরও বলেন, “আমরা চাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। পাশাপাশি ভবিষ্যতে যেন শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনা আর না ঘটে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
এর আগে ওই ঘটনার পর শিক্ষার্থী ও সাংবাদিকদের নিরাপত্তা এবং হামলার বিচার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার সময় শিক্ষার্থী ও সাংবাদিকরা হামলার শিকার হলেও যথাসময়ে কার্যকর সহায়তা পাওয়া যায়নি।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম দায়িত্ব। এ ধরনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, গত ৬ জুলাই মধ্যরাতে পুরান ঢাকার মুরগিটোলা মোড়ে জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিমন ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন।