
সাতক্ষীরার শ্যামনগরে উপকুলীয় জনপদে বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এর উদ্যোগে স্টেকহোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “এ্যানহ্যান্সিং কোস্টাল এ্যাডাপটেশন এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (কার্ব) প্রকল্পের কার্যক্রম সম্পর্কিত উপজেলা পর্যায়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব শামসুজ্জাহান কনক। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন সফিক, পিআইও খান মিয়ারাজ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার, বনবিভাগের কর্মকর্তা আছাফুর রহমান, স্থানীয় সরকার প্রতিনিধি মাহমুদা খাতুন।
আয়োজক কতৃপক্ষ সুত্রে জানা যায়, প্রকল্পটি বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের সহায়তায় দাতা সংস্থা গ্লোবাল এনভাইরনমেন্ট ফান্ড খুলনা ও সাতক্ষীরা জেলার ৬টি উপজেলার ২২টি ইউনিয়নে বাস্তবায়ন করা হবে। তাদের দাবি প্রকল্পে মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে ম্যানগ্রোভ বনায়ন, পুনরুদ্ধার এবং জলবায়ু সহনশীল জীবিকায়নের জন্য আর্থিক অন্তর্ভুক্তি ও বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার মাধ্যমে জলবায়ু অভিযোজন সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করা। কর্মশালা সঞ্চালনা করেন ফ্রেন্ডশিপ এর আঞ্চলিক সমন্বয়কারী সাখাওয়াত হোসেন।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ফ্রেন্ডশিপ এর সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার মো: মঈদুল ইসলাম এবং সিনিয়র আঞ্চলিক ম্যানেজার মো : মিজানুর রহমান।