
মোঃ আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর প্রতিনিধিঃদুর্যোগের ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়াদানের সক্ষমতা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগরে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে উপজেলার তিনটি ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সদস্যদের মধ্যে দুর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।বুধবার (১৪ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বাস্তবায়িত ‘অর্গানাইজেশনাল রেডিনেস অ্যান্ড ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং ফর আর্লি অ্যাকশন অ্যান্ড রেসপন্স টু হিউম্যানিটারিয়ান ক্রাইসিস’ প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।উত্তরণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স পরিচালনা করেন হাইম ফরিদা আফরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর পার্থ কুমার দে।কর্মশালায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি প্রকৌশলী নাজমুল কবির, এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গাজী আল-ইমরান, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সদস্য উৎপল কুমার মণ্ডল এবং গাবুরা ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদা পারভীন।এ সময় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এম কামরুজ্জামান, রমজাননগর সিপিপির টিম লিডার আলমগীর হোসেন (আলম)সহ সিপিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। কর্মশালার সার্বিক সহযোগিতা করেন উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক মো. আমিনুর রহমান।কর্মশালায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর সাড়াদানের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে প্রকল্পের কার্যক্রম ও কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।অনুষ্ঠান শেষে উপজেলার তিনটি ইউনিয়নের সিপিপি টিম লিডারদের মাধ্যমে সদস্যদের মধ্যে দুর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য সরঞ্জাম বিতরণ করা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়াদানে সহায়তা করবে।