শায়েস্তাগঞ্জে জুম্মার খুতবায় রমজানের ফজিলত ও রোজা ভঙ্গের বিধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা মোজাম্মেল হোসেন
- আপডেট সময় : ০৪:৫৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

মুজিবুর রহমান:শায়েস্তাগঞ্জের বিরামচর এলাকার ঐতিহ্যবাহী আল মামু জামে মসজিদ-এ জুম্মার নামাজে পবিত্র রমজান মাসের ফজিলত ও রোজা ভঙ্গের বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুম্মার খুতবায় মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মুজাম্মেল হোসেন মুসল্লিদের উদ্দেশ্যে বিস্তারিত বক্তব্য প্রদান করেন।
খুতবায় তিনি পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস, আত্মশুদ্ধির মাস এবং রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে একটি নফল ইবাদত ফরজের সমান সওয়াব পাওয়া যায় এবং একটি ফরজ আদায় করলে সত্তর গুণ বেশি সওয়াব প্রদান করা হয়। তাই প্রত্যেক মুসলমানের উচিত রমজান মাসকে যথাযথ মর্যাদায় পালন করা এবং বেশি বেশি ইবাদত-বন্দেগিতে সময় ব্যয় করা।
তিনি রোজা ভঙ্গের কারণসমূহ সম্পর্কেও স্পষ্ট ধারণা দেন। ইচ্ছাকৃতভাবে পানাহার করা, বৈধ কারণ ছাড়া রোজা ভঙ্গ করা কিংবা শরিয়তবিরোধী কাজের মাধ্যমে রোজা নষ্ট করার বিষয়ে সতর্ক করেন। একই সঙ্গে অসুস্থতা, সফর বা বিশেষ পরিস্থিতিতে শরিয়তের বিধান অনুযায়ী কীভাবে রোজা কাযা বা ফিদিয়া আদায় করতে হয়, সে বিষয়েও দিকনির্দেশনা প্রদান করেন।
মাওলানা মুজাম্মেল হোসেন মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়; বরং চোখ, কান, জিহ্বা ও অন্তরকে গুনাহ থেকে হেফাজত রাখারও নাম রোজা। তিনি সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, তারাবির নামাজে অংশগ্রহণ, কুরআন তিলাওয়াত বৃদ্ধি এবং গরিব-দুঃখীদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানান।
খুতবার শেষে তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। উপস্থিত মুসল্লিরা মনোযোগ সহকারে খুতবা শোনেন এবং আসন্ন রমজান মাস যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় মসজিদ প্রাঙ্গণে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় মুসল্লিরা জানান, এমন সচেতনতামূলক আলোচনা তাদের রমজান পালনে আরও উদ্বুদ্ধ করবে এবং ইসলামের বিধান সম্পর্কে সঠিক ধারণা অর্জনে সহায়তা করবে।


















