
যশোরে রাতে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বি এম জহুরুল পারভেজকে দুপুরে মুচলেকায় ছেড়ে দিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। জহুরুল পারভেজ যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার জিরাট গ্রামের মৃত গোলাম নবি বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে সাইবার ইনভেস্টিগেশন সেলের অভিযানে জহুরুল পারভেজকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পুলিশের একটি সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগ ছিল। এ ছাড়া যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলেও পুলিশের কাছে অভিযোগ ছিল। এ-সংক্রান্ত বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছিল।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। রাতে জিজ্ঞাসাবাদের পর তাঁকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, জহুরুল পারভেজকে আটকের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফেসবুকে পোস্ট দিয়ে এর প্রতিবাদ জানান। এছাড়াও মুচলেকায় মুক্তি পাওয়ার পর প্রশাসনের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।