রাতের আঁধারে সোনাগাজীতে বিধবার ফসলি জমির মাটি লুট
- আপডেট সময় : ০৮:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনীঃ
ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে গভীর রাতে এক বিধবার ফসলি জমির মাটি লুটের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতভর সংঘটিত এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ফজিলাতুন্নেহার (৫৫) নামে এক অসহায় নারী। দুর্বৃত্তরা তার জমি থেকে প্রায় দুই লক্ষাধিক টাকার মাটি কেটে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সেনের খিল গ্রামের বাসিন্দা এবং মৃত মো. ইসমাঈলের স্ত্রী ফজিলাতুন্নেহার দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন ২১ শতক ফসলি জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু হঠাৎ করেই রাতের আঁধারে সংঘবদ্ধ একটি চক্র ভেকু (স্কেভেটর) মেশিন ব্যবহার করে জমির মাটি কেটে নিয়ে যায়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, একই গ্রামের পারভেজ মিলন ও তার ছেলে সুরাজের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল এ ঘটনায় জড়িত। তারা পরিকল্পিতভাবে ভেকু মেশিন দিয়ে জমির উপরিভাগ কেটে পিকআপে করে মাটি সরিয়ে নেয়। এতে জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে এবং কৃষিকাজের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত ফজিলাতুন্নেহার জানান, “আমি একজন অসহায় বিধবা। এই জমিই আমার একমাত্র ভরসা। রাতের অন্ধকারে তারা সবকিছু শেষ করে দিয়েছে। এখন আমি কোথায় যাবো?”
এ ঘটনায় তিনি বাদী হয়ে পারভেজ মিলন ও সুরাজের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফেনী জেলার সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন তারা।




















