
আজিজ,রংপুর প্রতিনিধি:রংপুর নগরীর পুরাতন সিভিল সার্জন কার্যালয়ে জানালার গ্লাস ভেঙে চুরির চেষ্টাকালে মোঃ আলাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন পুরাতন সিভিল সার্জন কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের দায়িত্বে থাকা নাইট গার্ডের তৎপরতায় চুরির চেষ্টা ব্যর্থ হয় এবং ওই যুবক হাতেনাতে আটক হন।
আটক আলাল হোসেন রংপুর নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কেরানীপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আব্দুল হালিম এবং মাতার নাম মোছাঃ দয়ালী বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই যুবক জানালার গ্লাস ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে মালামাল চুরির চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে কার্যালয়ের নাইট গার্ড তাকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ মহোশিন আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করেন।
এ সময় গ্রেফতারকৃত যুবকের কাছ থেকে থাই গ্লাসের জানালার রেল বা উইন্ডো ট্র্যাকের ৯টি অংশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ হাজার টাকা।
এ ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০/৪১১/৪২৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়।