
আজিজ,রংপুর প্রতিনিধি:রংপুর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের গুপ্তপাড়া এলাকার তরুণদের উদ্যোগে আয়োজিত আন্তঃরংপুর মিনি বার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনা ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কনিকা সংঘ। অন্যদিকে, দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়ে রানারআপ হয়েছে নুরপুর ফুটবল দল।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেওয়া হয়।
বিশেষভাবে প্রশংসিত হয়েছেন চ্যাম্পিয়ন কনিকা সংঘের দক্ষ গোলরক্ষক মোঃ জুলকারনাইন লিখন। তিনি বাংলার চোখের সদস্য মোঃ দুলাল মিয়ার সুযোগ্য পুত্র। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ মেডেল গ্রহণ করেন তিনি। তাঁর এই অর্জনে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ নবী ডন।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলার চোখের চেয়ারম্যান হাজী মোঃ তানবীর হোসেন আশরাফি। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী, আমন্ত্রিত অতিথি ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
আয়োজক তরুণদের এমন সুন্দর ক্রীড়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অতিথিরা। তাঁরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় তরুণদের এই উদ্যোগ রংপুরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।