
আজিজ,রংপুর প্রতিনিধি:রংপুরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মোহাঃ জাহাঙ্গীর আলম (অতিরিক্ত সচিব)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে চেম্বারের নেতৃবৃন্দ রংপুর অঞ্চলের সার্বিক ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন সম্প্রসারণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং নতুন বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে যুগোপযোগী ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের প্রতি আহ্বান জানান।
এ সময় নেতৃবৃন্দ বলেন, রংপুর অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে রংপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চেম্বারের নেতৃবৃন্দ। একই সঙ্গে উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সৌজন্য সাক্ষাৎটি রংপুর অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।