
যশোর,জেলা প্রতিনিধি:
যশোরের শার্শার বেনাপোলে নিজ বাসভবনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বেনাপোলের ব্যবসায়ী সোহাগ হোসেন। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ সংবাদ সম্মেলন করেন। পূর্বের একটি ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ হোসেন বলেন, গত ৫ জুন রাত ১০টার দিকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল তার বাসার সামনে এসে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তারা ঘরের জানালা ও দরজা লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
তিনি জানান, হামলাকারীদের ছোড়া একটি গুলি জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেয়ালে আঘাত করে। এছাড়া আরও কয়েকটি গুলি ঘরের বিভিন্ন স্থানে লাগে। তবে আল্লাহর রহমতে তিনি ও তার পরিবারের সদস্যরা অক্ষত থাকেন।
সোহাগ হোসেনের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে। বাসার আশপাশ ও এলাকার বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলেও তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইয়ুব হোসেন, সোহাগ হাসান ও রফিকুল ইসলাম রয়েল।