
মাসুদ রানা (যশোর) থেকে:সামাজিক যোগাযোগমাধ্যমে যশোরের কালীবাজারের শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা দাবি করে একটি ছবি ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ছবিটি যশোরের নয়, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কালীবাজারের একটি শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের।
জেলা পুলিশ, যশোরের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কালীপূজার আগের দিন মণ্ডপ উদ্বোধনের আগেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মণ্ডপে বৈদ্যুতিক কাজ চলার সময় শর্টসার্কিট থেকে কাপড়ে আগুন লাগে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পুরো মণ্ডপটি পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জঙ্গিদের আগুন দেওয়ার’ যে দাবি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে যশোর জেলা পুলিশ।
পুলিশ আরও জানায়, প্রচারিত ছবির ব্যানারে থাকা ‘JASORA KALIBAZAR’ বানান এবং মণ্ডপের নকশার সঙ্গে যশোরের কালীবাজারের কোনো মিল নেই।
জেলা পুলিশ বলছে, ছবিটিকে যশোরের ঘটনা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর ও সাম্প্রদায়িক উসকানিমূলক। তাই গুজবে কান না দেওয়া এবং তথ্য যাচাই না করে এ ধরনের পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।