
মো: এরশাদ আলী,স্টাফ রিপোর্টার:
শিক্ষা জাতির মেরুদন্ড, আর এই শিক্ষা দান করেন শিক্ষক। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো অতুলনীয় ভূমিকা রাখে। অবকাঠামোর অভাবে শিক্ষাদানে চরম ব্যাহত হয়। অবকাঠামো জনিত এমন সমস্যা নিয়েই সুনাম ও কৃতিত্বের সাথে দীর্ঘদিন ধরে এগিয়ে যাচ্ছে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ০৫ নং ওয়ার্ডের মুন্ডুমালা বাজারের পাশে অবস্থানরত মুন্ডুমালা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ। উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষানুরাগী, দায়িত্বশীল আদর্শবান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো: সাদেকুল ইসলামের অবদান অতুলনীয়। জানা যায় অত্র প্রতিষ্ঠানে যথেষ্ট পরিমাণে শিক্ষক- কর্মচারী রয়েছে। মোট শিক্ষার্থী রয়েছে ৪৩৪ জন। সরেজমিনে গিয়ে দেখা যায় যে স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ। গতবছর পাশের হার ৭৬.৯২। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। জুনিয়র বৃত্তি পেয়েছে ৩ জন। মহান এই স্কুল ও কলেজের চারিদিকে প্রাচীর দিয়ে পরিবেষ্টিত রয়েছে। ভিতরে নজর কাড়া নানা প্রজাতির শিক্ষনীয় গাছ ও ফুলের সবুজ শীতল সমারোহ। ভিতরেই রয়েছে পর্যাপ্ত মাঠ। সব মিলে সুন্দর এক মনোরম পরিবেশ। কিন্তু এই প্রতিষ্ঠানের সমস্যা একটাই তা হলো পুরনো একটি একতলা ভবন। যা বর্তমানে পুরো ভবনে ফাটল ধরেছে। শিক্ষার্থীদের সকল ক্লাস রুমে মাথার উপরে ছাদে ও দেওয়ালে ফাটল ধরে রড দেখা যাচ্ছে। অনেক ঝুঁকি নিয়ে ক্লাস করেছেন কোমল মতি দেশের ভবিষ্যৎ মেধাবী শিক্ষার্থীরা। যে কোন মূহুর্তে ঘটতে পারে দূর্ঘটনা। এমন অবস্থায় স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক- কর্মচারী ও এলাকাবাসী শিক্ষার সার্বিক উন্নয়নে ও চলমান সুনাম আরো বৃদ্ধি করতে অত্র প্রতিষ্ঠানে প্রয়োজনীয় বহুতল ভবন নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। এই মর্মে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো: সাদিকুল ইসলাম বহুতল ভবন নির্মাণে জরুরি ভাবে শ্রদ্ধাভরে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।