
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” স্লোগানকে সামনে রেখে রংপুরের মাহিগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ফুটবল ফেস্ট টাইগার বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ২৩ নভেম্বর ২০২৬, মাহিগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক জনাব মোঃ সামসুজ্জামান সামু।
টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ জনাব আক্তারুজ্জামান সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সবুজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব লোকমান হোসেন মোল্লা।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী তরুণরাই গড়ে তুলতে পারে সুস্থ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রসার এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।