
মানিকছড়ি কেন্দ্রীয় রাজ শ্যামা কালী মন্দির পরিদর্শনে উপজেলা বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব।
জসীমউদ্দিন,মানিকছড়ি,খাগড়াছড়ি:সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি কেন্দ্রীয় রাজ শ্যামা কালী মন্দির পরিদর্শন করেছেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পূজা উদযাপন কমিটির আমন্ত্রণে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় মন্দিরের সাজসজ্জা, পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার, দপ্তর সম্পাদক এম এ জলিলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্দির পরিদর্শন শেষে উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব মন্দিরের দৃষ্টিনন্দন সাজসজ্জা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “মন্দিরের সাজসজ্জা ও পূজার আয়োজন দেখে আমরা আনন্দিত। আগামীতে দুর্গাপূজা আরও সুন্দর, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে জন্য সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, উপজেলা প্রশাসন, আনসার, গ্রাম পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা চলমান রয়েছে। এর পাশাপাশি মানিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক দল গঠন করে পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করা হচ্ছে।
হাবিবুর রহমান হাবিব আশা প্রকাশ করে বলেন, শারদীয় দুর্গাপূজা চলাকালে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি পূজা উদযাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সহযোগিতা ও সতর্কতা বজায় রেখে উৎসবের পরিবেশ সুন্দর রাখার আহ্বান জানান।