
মানিকছড়ি প্রতিনিধি: বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া।
প্রেস কনফারেন্সে ইউএনও জানান, ১২ অক্টোবর থেকে সারাদেশের মতো মানিকছড়ি উপজেলার চারটি ইউনিয়নেও প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার প্রকৃত তথ্য সংগ্রহ শুরু করেছেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে কোন পরিবারের সরকারি সহায়তা বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের স্বচ্ছতা ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে তথ্য সংগ্রহকারীদের কাছে পরিবারের প্রকৃত তথ্য প্রদান করতে হবে। একই সঙ্গে সংগৃহীত তথ্য নির্ভুলভাবে ট্যাবে অন্তর্ভুক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
ইউএনও আরও জানান, ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের টাকা বা আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ সরকারি ও বিনামূল্যের সেবা। কেউ ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করলে সংশ্লিষ্ট হেল্পলাইন নম্বর ১০৯৮-এ অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুর রাশেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান এবং সাংবাদিক আবদুল মান্নান, আলমগীর হোসেন, রবিউল হোসেন ও ইসমাইল হোসেন।
উল্লেখ্য, পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।