বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত মনিটরিং জোরদার
- আপডেট সময় : ০৬:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:
ফেনী জেলার জনগণকে সুষ্ঠু, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসমূহে নিয়মিত মনিটরিং ও সুপারভিশন কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়ের নির্দেশনায় সিভিল সার্জন কার্যালয়ের একটি পরিদর্শন টিম শহরের দুইটি বেসরকারি হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা খাতুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সমন্বয়) ডা. মো. ইমাম হোসেন, মেডিকেল অফিসার ডা. আমির খসরু এবং এমটি (ল্যাব) জনাব মাইনউদ্দিন।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন গাইডলাইন অনুসরণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেমন— ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি, ফায়ার সার্ভিস লাইসেন্স, আণবিক শক্তি কমিশনের লাইসেন্সসহ অন্যান্য অনুমোদনপত্র যাচাই করা হয়।
এছাড়াও হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভৌত অবকাঠামো ও সুবিধাদি— যেমন রোগী দেখার কক্ষ, নমুনা সংগ্রহ কক্ষ, এক্স-রে রুম, ল্যাবরেটরি কক্ষ ইত্যাদি পর্যবেক্ষণ করা হয়। ল্যাবরেটরিতে ব্যবহৃত যন্ত্রপাতির মান, কার্যকারিতা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি ল্যাবে জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা হচ্ছে কি না, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না— সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়ের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ জনস্বার্থে এ ধরনের নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা জানান। ফেনীর সাধারণ মানুষ যেন নিরাপদ, মানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পায়— সে লক্ষ্যেই জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে।



















