
নোবিপ্রবি প্রতিনিধি: আরিফুল ইসলাম
বিশ্ব নদী দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নিজস্ব সংগঠন Coastal Environment Network (CoEN)-এর উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও CoEN-এর সদস্যরা অংশ নেন।
এবারের বিশ্ব নদী দিবসের প্রতিপাদ্য ছিল— ‘বন নেই তো নদী নেই, নদী নেই তো পানি নেই, পানি নেই তো জীবন নেই।’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালিতে নদী ও পানিসম্পদ সংরক্ষণ, বন ও জলাভূমির গুরুত্ব এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিবলুর রহমান বলেন “জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নদীগুলো বর্ষায় বন্যা ও তীরভাঙন এবং শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে যাওয়ার মতো সমস্যার মুখোমুখি হচ্ছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা মিঠাপানির জন্য হুমকি তৈরি করছে। এ অবস্থায় CoEN-এর মতো শিক্ষার্থীভিত্তিক সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী শুধু পানির উৎস নয়, আমাদের কৃষি, অর্থনীতি, জীববৈচিত্র্য ও সংস্কৃতির অংশ। তাই নদী দখল, দূষণ ও প্লাস্টিক বর্জ্য রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
CoEN-এর এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নদী ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্যাম্পাসে পরিবেশবান্ধব কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।