বাগেরহাট সদর হাসপাতাল অভ্যন্তরে দুঃসাহসিক চুরি
- আপডেট সময় : ০৮:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
রিফাত মাহমুদ,বাগেরহাট:
রবিবার গভীর রাতে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতাল অভ্যন্তরে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হাসপাতাল ভবনের এক্স-রে বিভাগের বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করে বিপুল পরিমাণ টাকা মূল্যের তার নিয়ে দ্রুত সটকে পড়ে। বৈদ্যুতিক তার চুরির ঘটনায় হাসপাতালটির এক্সরে বিভাগে সকল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায়, সেবা প্রত্যাশীরা চরম বিপাকে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অজ্ঞাতনামা চোরেরা রাতে আধারে এক্সরে বিভাগের পেছনের সংযোগকৃত বৈদ্যুতিক ( তামার )তার কেটে নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে হাসপাতালের
সুপারিনটেনডেন্ট অসীম কুমার সমাদ্দার বলেন, চুরির বিষয়টি ইতোমধ্যেই প্রশাসনকে জানানো হয়েছে। তিনি বলেন, জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায়
জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে
বিষয়টি উত্থাপন করা হয়েছে।
এক্স-রে বিভাগের কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে- এমন প্রশ্নের জবাবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) তাপস কুমার সরকার
জানান, বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।
২/১ দিনের মধ্যে এক্সরে বিভাগের কার্যক্রম পুনরায়
সচল করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, হাসপাতাল অভ্যন্তরে একের পর এক বিভিন্ন ধরনের চুরির ঘটনায় এলাকাবাসীসহ হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে
ব্যাপক হতাশার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বাগেরহাট সদর হাসপাতাল সহ আশপাশ এলাকা জুড়ে ছোটখাটো চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এজাতীয় ঘটনায় জনসাধারণের মনে উদ্বেগ- উৎকণ্ঠা বৃদ্ধিসহ চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীরা বিষয়টি দ্রুত খতিয়ে দেখা সহ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।



















