বরিশাল-১ আসনের জনগণের প্রত্যাশা: মন্ত্রী হিসেবে দেখতে চান এম জহির উদ্দিন স্বপনকে
- আপডেট সময় : ১০:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
মো:আশরাফ,বরিশাল ক্রাইম রিপোর্টার:-
সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই অংশ হিসেবে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ১২৯টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সব কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। টানা তৃতীয়বারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন।
বিজয় নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়ায় এম জহির উদ্দিন স্বপন বলেন, এই ঐতিহাসিক বিজয় তিনি এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করছেন। তিনি আরও বলেন, জনগণ ভোটের মাধ্যমে যে আস্থা ও সমর্থন দেখিয়েছেন, তা তিনি উন্নয়ন ও জনসেবার মাধ্যমে প্রতিদান দিতে চান।
তিনি জানান, দলের চেয়ারম্যান ও নীতি নির্ধারকের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং সেই যাত্রায় বরিশাল-১ আসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, জনগণের প্রত্যাশা পূরণই হবে তার মূল লক্ষ্য।
এদিকে নির্বাচনী ফল ঘোষণার পর গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন এলাকায় আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে সমর্থকদের।
স্থানীয় (গৌরনদী -আগৈলঝাড়া) বাসি মনে করছেন, টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ায় জাতীয় পর্যায়ে তার অভিজ্ঞতা আরও কাজে লাগানো সম্ভব। তারা আশা প্রকাশ করেন, সরকার গঠিত হলে এম জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
স্থানীয় ভোটারদের ভাষ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি ও অবকাঠামো খাতে বরিশাল-১ আসনে এখনও অনেক কাজ বাকি।
একজন অভিজ্ঞ সংসদ সদস্য হিসেবে এবং দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ থাকায় তিনি মন্ত্রী হলে এসব উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তারা মনে করেন। সব মিলিয়ে বরিশাল-১ আসনের জনগণের প্রত্যাশা এখন একটাই, তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি যেন শুধু সংসদেই নয়, জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে এলাকার উন্নয়নে নতুন গতি আনতে পারেন।



















