
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: মো. জসিম উদ্দিন
চুয়াডাঙ্গার দর্শনায় আকুন্দবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজে বজ্রপাতে চার ছাত্রী আহত হয়েছে। এ ঘটনায় আরও এক ছাত্রী সামান্য আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে গুরুতর আহত এক ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর দেড়টার দিকে দর্শনা এলাকায় হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ওই সময় আকুন্দবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজে টিফিন চলছিল। শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করছিল। এর মধ্যেই হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সপ্তম শ্রেণির কয়েকজন ছাত্রী আহত হয়ে মাটিতে পড়ে যায়।
বজ্রপাতে আহতরা হলো—সপ্তম শ্রেণির ছাত্রী জুলেখা (১৩), আনিছা (১৩), লায়লা (১৩) ও হ্যাপী। এছাড়া এ্যানী (১২) নামে আরও এক ছাত্রী সামান্য আহত হয়েছে।
ঘটনার পর বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত আহত ছাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে দর্শনা থানা পুলিশের সহায়তায় আহতদের দর্শনা পুরাতন বাজার এলাকার তরফদার ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তরফদার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করে।
আকুন্দবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘টিফিনের সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে চার ছাত্রী গুরুতরভাবে আহত হয় এবং আরও একজন সামান্য আহত হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ছাত্রীদের অবস্থা কিছুটা ভালো রয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।