
মো: শিহাব মাহমুদ জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা মোড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ রুবেল মিয়া (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয়েছে ৮০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ টাকা। মাদক ব্যবসায়ী রুবেল মিয়া বকশীগঞ্জ উপজেলা মোড় এলাকার বদরুল মিয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুবেল মিয়া নিজ বাড়িতে গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ টিম উপজেলা মোড় এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ টাকা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।