
মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী জেলা।
ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতার ওপর গুরুত্বারোপ; প্রস্তুতির কথা জানাল হাসপাতাল কর্তৃপক্ষ
দেশব্যাপী ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ফেনী জেনারেল হাসপাতালের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ অংশ নেন।
র্যালি শেষে হাসপাতালের মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরা হক। বিশেষ অতিথি ছিলেন মোঃ শফিকুল ইসলাম এবং মোহাম্মদ আল আমিন সরকার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।
এছাড়া উপস্থিত ছিলেন ডাঃ মোবারক হোসেন দুলাল এবং ডাঃ মো. রোকন উদ দৌলা।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, জনসচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থাপনাই সবচেয়ে কার্যকর। আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।”
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম ডেঙ্গু প্রতিরোধে কয়েকটি গুরুত্বপূর্ণ করণীয় তুলে ধরেন। তিনি বলেন, বাড়ির ছাদ, ফুলের টব, টায়ার কিংবা ডাবের খোসায় তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। পাশাপাশি তীব্র জ্বর, মাথাব্যথা কিংবা শরীর ব্যথার মতো ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় ফেনী জেনারেল হাসপাতাল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। চিকিৎসকরা সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং প্রয়োজন হলে দ্রুত সরকারি হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেন।