
মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:
চট্টগ্রাম থেকে আগত সহকারী পরিচালক মাওলানা বরকত উল্ল্যাহর নেতৃত্বে ফেনীতে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় মানবাধিকার কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে
চট্টগ্রাম থেকে আগত আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সহকারী পরিচালক মাওলানা বরকত উল্ল্যাহর ফেনী সফরকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফেনী শহরের কুটুম বাড়ি হোটেলে আয়োজিত এই বৈঠকে সংস্থার কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ অংশ নেন।
সংস্থার বিশেষ দায়িত্ব পালনের অংশ হিসেবে মাওলানা বরকত উল্ল্যাহ ফেনীতে আসেন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেমের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ।
বৈঠকে সংস্থার চলমান কার্যক্রমের পাশাপাশি সম্পত্তি মালিকানা সংক্রান্ত বিরোধ এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা প্রদানের বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে বিদ্যমান জটিল সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে মতবিনিময় হয়।
মাওলানা বরকত উল্ল্যাহ বলেন, মানুষের অধিকার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের ঝুলে থাকা সমস্যাগুলোর সমাধানে সরাসরি কাজ করাই এই সফরের মূল উদ্দেশ্য।
আবুল কাশেম বলেন, কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের সমন্বয়ের মাধ্যমে ফেনীতে মানবাধিকার কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।
মোহাম্মদ হানিফ জানান, এই বৈঠকের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মানবাধিকার ও আইনি সহায়তা কার্যক্রম নতুন গতিশীলতা পাবে।
সংশ্লিষ্টদের মতে, এই উচ্চপর্যায়ের সফর ফেনীতে মানবাধিকার রক্ষা ও আইনি সহায়তা কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে ভূমিকা রাখবে।