প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম অমিত
- আপডেট সময় : ০৪:৫১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

আতাউর রহমান, যশোর জেলা প্রতিনিধি:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা যশোরে আগমনে গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে যশোর সার্কিট হাউসে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় তাকে বরণ করে নেওয়া হয়।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রতিমন্ত্রী যশোর সার্কিট হাউসে পৌঁছালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। পরে তিনি সার্কিট হাউস হল রুমে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
উল্লেখ্য, অনিন্দ্য ইসলাম অমিতের বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামও চারবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাবার পথ ধরে এবারই মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন অমিত। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে তাকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের এই ভালোবাসা ও আস্থা তার আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি এলাকার উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিন দিনের সরকারি সফরের প্রথম দিনে আজ বিকেলে তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং ওলামাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন। আগামীকাল শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
নতুন প্রতিমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত যশোরবাসী আশা প্রকাশ করেন, তার হাত ধরে এ অঞ্চলের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। নেতাকর্মীরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান।























