
মোঃ সজিব সরদার
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আসলাম হোসেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পবিপ্রবি ক্যাম্পাসে এসে তিনি নির্মাণাধীন হলসমূহ, একাডেমিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা এবং জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও অবকাঠামোগত অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন তিনি।
এর আগে দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে পৌঁছালে ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আসলাম হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মো. আব্দুর রহিম।
পরে তিনি সৃজনী বিদ্যানিকেতন (পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ)-এর শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আসলাম হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। এছাড়া অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এবং গভর্নিং বডির সদস্য ড. রাহাত মাহমুদসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা, ভবিষ্যৎ সম্ভাবনা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে তাৎক্ষণিকভাবে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা গান, কবিতা ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অতিথিদের মুগ্ধ করেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ইউজিসি সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন।