
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে চুয়াডাঙ্গার দর্শনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে থানা যুবদল। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিঙ্কু আহমেদের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালিত হয়।
বিকেল ৫টায় দর্শনা পৌর রেল ইয়ার্ড এলাকায় দলীয় নেতাকর্মীরা জমায়েত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দর্শনা বাসস্ট্যান্ডের বক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে যুবদল ও বিএনপির বিপুলসংখ্যক পুরুষ ও নারী কর্মী অংশগ্রহণ করেন।
বক চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিঙ্কু আহমেদ। এ সময় তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সাবেক ছাত্রনেতা মো. আলতাফ হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাদশা, যুবদল নেতা মো. সুলতান, আকাশ, জনি প্রমুখ।