
আবু তালেব,স্টাফ রিপোর্টা,নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় সাজেদা আক্তার (২৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) আদালতের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বাদী শাকিল আলম তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় একটি নালিশি মামলা (সিআর-৫৫৮/২৪) দায়ের করেন। মামলার শুনানি ও প্রাথমিক সত্যতা যাচাই শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলী আদালত) বিবাদী সাজেদা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অভিযান পরিচালনাকারী সিদ্ধিরগঞ্জ থানার এএসআই সোহেল জানান, আদালতের নির্দেশনা মোতাবেক ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাজেদা আক্তারকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া ও আইনি কাগজপত্র প্রস্তুত শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।